Sponsored

নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

 সাংবাদিকরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে সত্য কথা বলেন এবং সত্য লেখেন—এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করতে একটি মহল সব সময় ষড়যন্ত্র করে। তবে এবার সে চেষ্টা সফল হবে না। দেশের মানুষ জেগে উঠেছে, যে ভোট তারা দেবেই—তা কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে—সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো অপতৎপরতা যেন না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকার কথাও বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে সবাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন।

পথসভা চলাকালে একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে জমানো সঞ্চয়ের টাকা ও নিজ হাতে পালন করা মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চোখের জল ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতার মধ্যেও আবেগের সঞ্চার করে।

Post a Comment

0 Comments