Sponsored

সাইনাসে আক্রান্ত তাসকিন, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন

ছবিঃ সংগৃহীত

 ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে খেলতে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ পরিস্থিতিতে ক্রিকেটারদের খেলার ধারাবাহিকতায় রাখতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের স্কোয়াড গত রোববার ঘোষণা করে বিসিবি। সেখানে ধূমকেতু দলের হয়ে খেলার কথা ছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের।

তবে সাইনাসজনিত সমস্যার কারণে এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না তাসকিন। দুই দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন বিশ্রামে থাকতে হবে বলে জানানো হয়েছে। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। তার পরিবর্তে ধূমকেতু দলে সুযোগ পেয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।

তিন দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন। এজন্য তাদের স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি দলগুলো একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে তিনটি ম্যাচ খেলবে। এরপর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Post a Comment

0 Comments