![]() |
| ছবিঃ সংগৃহীত |
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জামায়াতে ইসলামীর আদর্শিক পথ ছেড়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন দলটির প্রায় অর্ধশত নেতাকর্মী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের তাহেরহুদা ওয়ার্ডের ‘গ’ ইউনিটের সভাপতি মাসুদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপির পতাকাতলে শামিল হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম. এ. মজিদ। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে আপনাদের এই সিদ্ধান্ত বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা দিন দিন বাড়ছে।”
যোগদানকারী জামায়াত নেতা মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, “জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দেশের বর্তমান বাস্তবতায় বিএনপির গণমুখী রাজনীতি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আমরা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরিণাকুণ্ডু উপজেলায় জামায়াতের তৃণমূল পর্যায়ের এই বড় দলবদল আগামী দিনে স্থানীয় রাজনৈতিক সমীকরণে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে

0 Comments