![]() |
| ছবিঃ সংগৃহীত |
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি আসনে দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভুইয়া দাবি করেন, প্রায় ১৮ বছর আগে খাগড়াছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসন চলেছে। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে ডামি ও রাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। একইভাবে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ করেন তিনি এবং এসব কর্মকাণ্ড প্রতিহত করতে গ্রামাঞ্চলের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

0 Comments