Sponsored

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ছবিঃ প্রান্তিক বার্তা

 পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ। সাত দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

তবে মাঝখানে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেক চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকেই টানা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ১২ দিনের ছুটি ভোগ করছেন।

এ কারণে অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি গতি পেতে চলতি সপ্তাহটি লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকে। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি জানতে চাওয়াতেই সময় কাটে বেশি।

একই চিত্র দেখা যেতে পারে ব্যাংকিং খাতেও। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনে তেমন চাপ থাকবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঈদ উপলক্ষে ঘোষিত ছুটি শেষে মঙ্গলবার থেকে আবারও সরব হয়ে উঠছে দেশের সংবাদমাধ্যম। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি শেষ হওয়ায় সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন।

Post a Comment

0 Comments