![]() |
| ছবিঃ সংগৃহীত |
কুমিল্লায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তাহুরা জান্নাত জানান, পলাতক অপর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলা দায়েরের পর থেকেই র্যাব ঘটনাটির ওপর ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা এবং লাকসাম উপজেলার বাসিন্দা।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। শেফালী আক্তার নিজেও দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন এবং আহত হন আরও ২৪ জন।
দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট যথাসময়ে বন্ধ না করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

0 Comments