Sponsored

কারাগার থেকেই নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমনের রিট

ছবিঃ সংগৃহীত

 কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬-এ অংশগ্রহণের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে।

বুধবার (১৫ এপ্রিল) তার পক্ষে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল বিকেল ৪টা এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।

কিন্তু বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় ব্যারিস্টার সুমন নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের মাধ্যমে তার স্বাক্ষরের ব্যবস্থা করার জন্য আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে বলা হয়, এই নিষ্ক্রিয়তার ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন।

এ অবস্থায় রিটে হাইকোর্টের কাছে মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা নিশ্চিত করা এবং নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণার আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সেখান থেকেই তিনি বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Post a Comment

0 Comments