![]() |
| ছবিঃ সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক, তাই তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সরকার কৃষকদের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (৯ মে) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ন্যায্যমূল্য পান।
কিশোরগঞ্জের অল ওয়েদার রোড প্রসঙ্গে তিনি জানান, সড়কটি পানিপ্রবাহে কোনো বাধা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, নাসিরনগর হাওরে অতিবৃষ্টি ও ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। প্রথম পর্যায়ে ২৫০ জন কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও দুই হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে একই পরিমাণ চাল দেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কৃষক আহাদ মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, চলতি মৌসুমে নাসিরনগর হাওরে ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। কৃষি বিভাগের তথ্যমতে, ঢলের পানিতে ৩০৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। তবে স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

0 Comments