![]() |
| ছবিঃ সংগৃহীত |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল (৫৩) নামে এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনিত।
মামলার বিবরণী অনুযায়ী, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে সাত বছর বয়সী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শশা দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুর রহিম তাকে পাশের একটি শশা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে বাবা-মাকে ঘটনাটি জানায়।
গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন, ৩০ আগস্ট শিশুটির বাবা ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছরের বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

0 Comments