Sponsored

এসএসসি পরীক্ষায় নতুন নিয়ম: ‘সাইলেন্ট এক্সপেল’ বহাল, পরে বাতিল হবে খাতা

ছবিঃ সংগৃহীত

 চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার পদ্ধতি চালু রাখা হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পদ্ধতিতে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে সরাসরি না জানিয়ে বহিষ্কার করা হয়। সাধারণত কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা অসদুপায় অবলম্বনের মতো অনিয়মের কারণে দায়িত্বরত পরিদর্শক এ সিদ্ধান্ত নেন। ফলে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিষয়টি বুঝতে পারেন না, তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ অক্ষত রেখে পর্যবেক্ষকের প্রতিবেদন সংযুক্ত করে বোর্ডের নির্ধারিত গোপনীয় ফরমে প্রস্তুত করতে হবে। এরপর পরীক্ষার শেষে সেই খাতা আলাদা প্যাকেটে সংরক্ষণ করে লাল কালি দিয়ে ‘Reported’ লিখে অন্যান্য খাতার সঙ্গে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের কারণ পর্যবেক্ষকের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে এ ধরনের পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

পরবর্তীতে ওই পরীক্ষার্থী যদি আর কোনো অনিয়ম না-ও করে, তবুও তার পরবর্তী সব বিষয়ের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে প্রতিবেদনসহ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments