![]() |
| ছবিঃ সংগৃহীত |
কথিত ‘ম্যাগনেট পিলার’ পাওয়ার আশায় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও জমিসহ প্রায় ৩৫ কোটি টাকার সম্পদ প্রতারণার মাধ্যমে আত্মসাতের মামলায় বোনের হয়ে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়া এক নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। আদালতে নিজেকে শারমিন আক্তার একা পরিচয় দেওয়া ওই নারী প্রকৃতপক্ষে তার বোন বলে জানা যায়। তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মাহবুবুল আলম তাকে প্রকৃত আসামি কি না, তা যাচাই করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আটক নারী প্রকৃত আসামি নন; তিনি মূল আসামির হয়ে প্রক্সি হিসেবে আত্মসমর্পণ করেছেন। আদালত এ ঘটনাকে “বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা” আখ্যা দিয়ে বলেন, এটি একটি গর্হিত অপরাধ।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের স্ত্রী শারমিন আক্তার একা ও তার মা লাইলী শাহনাজ খুশি গত ১২ মে আত্মসমর্পণ করেন। পরে সন্দেহ দেখা দিলে জানা যায়, আত্মসমর্পণকারী নারী প্রকৃতপক্ষে শারমিন নন। তার এনআইডি, পাসপোর্ট, শিক্ষাগত সনদ ও ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন।
বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছ থেকে বিপুল অর্থ, স্বর্ণ ও জমি হাতিয়ে নিয়েছে। আত্মসমর্পণের সময়ও তারা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
আদালত সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর হংকংপ্রবাসী ব্যবসায়ী আজিজুল আলম কথিত ‘ম্যাগনেট পিলার’ কেনার প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হন। তাকে জানানো হয়, এই অলৌকিক বস্তু বিদেশে ১০০ বিলিয়ন ডলারে বিক্রি করা সম্ভব।
মামলার অভিযোগ অনুযায়ী, চক্রের সদস্যরা কুফরি কালাম, ‘জিনের বাদশা’ পরিচয়ে ফোনকল এবং নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে তাকে সম্মোহিত করে রাখে। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিভিন্ন কৌশলে তার কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এছাড়া অফিসের ভল্টে রাখা প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা, আত্মসাৎ করা হয়।
একপর্যায়ে উত্তরখানের ২৭.১৫ কাঠা জমির দলিলেও জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় প্রতারকরা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা। পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী রাজধানীর উত্তরা পূর্ব থানায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন মাজহারুল ইসলাম সোহেল ফকির, তার স্ত্রী শারমিন আক্তার একা, দুই ভাই সবুজ ও রুবেল, শাশুড়ি লাইলী শাহনাজ খুশি এবং আরও কয়েকজন সহযোগী।

0 Comments