Sponsored

মিরসরাইয়ে চিত্রাহরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, তিন অভিযুক্তের সন্ধানে বন বিভাগ

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে হরিণের পা চেপে ধরতে এবং একজনকে গলায় কোপাতে দেখা যায়।

 চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় একটি চিত্রাহরিণ শিকার ও জবাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করে তাদের ধরতে অভিযান শুরু করেছে বন বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলেও অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। ভিডিওটি ধারণ করা হয়েছে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশের এলাকা থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, খালের পাড়ে এক ব্যক্তি হরিণটির পা চেপে ধরে রেখেছেন। আরেকজন ধারালো দা দিয়ে হরিণটির গলা কেটে ফেলার চেষ্টা করছেন। পাশে একটি কুকুর এবং কিছু দূরে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিও ধারণের সময় হরিণ জবাইকারী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে ভিডিও করার কারণ জানতে চান। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, এতে সমস্যা কোথায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান নেটিজেনরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় মিরসরাইয়ের পশ্চিমাঞ্চলের উপকূলজুড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ বন ছিল, যা ছিল হরিণসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল। তবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পর থেকে বনভূমি উজাড় হওয়ায় বন্যপ্রাণীর আবাস সংকুচিত হয়েছে। ফলে খাদ্য ও আশ্রয়ের খোঁজে হরিণ প্রায়ই লোকালয়ে চলে আসে এবং শিকারিদের শিকার হয়।

উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, ভিডিওটি পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ১১ এপ্রিল তিনজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments