Sponsored

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত 

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী-এর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) রাতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটে বলে এনটিভির খবরে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম চন্দ্রনাথ রাঠ। মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরেক ব্যক্তি আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রাম আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন ঘোষ ২,৩৯৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই আসনে বিজেপির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।

ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটেছে, যখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থক সেজে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৫ মে রাত পর্যন্ত অন্তত চারজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে—যাদের মধ্যে দুজন বিজেপি এবং দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এসব ঘটনায় ইতোমধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। সহিংসতা নিয়ন্ত্রণে গিয়ে রাজ্য পুলিশের দুই সদস্য এবং বিএসএফ-এর তিনজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রথম ঘটনা ঘটে সোমবার, কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। সেখানে যাদব বর (৪৮) নামে এক বিজেপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সূত্রে দাবি করা হয়, বিজয়ের আনন্দ উদযাপনের সময় তাকে আটক করে এই হামলা চালানো হয়।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন।


Post a Comment

0 Comments